প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

আজ পহেলা বৈশাখ

১৪ এপ্রিল ২০২৬, ১২:৫৭:১৯

ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। ঋতুচক্রের নবায়নের এই দিনে প্রকৃতির নবজাগরণের সঙ্গে সঙ্গে মানুষের জীবনেও বয়ে আসে নতুন আশা, উদ্দীপনা ও ঐক্যের বার্তা। হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় গড়ে ওঠা এই দিনটি আজ জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

নতুন বছরের আগমনে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি বাংলাদেশি আনন্দ-উৎসবে মেতে উঠবেন। বৈশাখের শুভক্ষণে সবার প্রত্যাশা—অশুভ ও অসুন্দর দূরীভূত হয়ে সত্য, ন্যায় ও সুন্দরের জয়ধ্বনি প্রতিধ্বনিত হোক সর্বত্র। বিদায়ী বছরের দুঃখ, বেদনা ও ব্যর্থতা ভুলে নতুন বছর বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও উন্নতির বার্তা।

এ উপলক্ষ্যে পৃথক বাণীতে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁরা নববর্ষকে বাঙালির ঐক্য, সংস্কৃতি ও নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং দেশের জনগণের সুখ, শান্তি ও অগ্রগতির কামনা করেন।

নববর্ষের এই দিনটি ঘিরে রাজধানী থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত সর্বত্র উৎসবের আবহ বিরাজ করছে। নানা আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাগত জানাচ্ছে নতুন বছরকে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য