প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

ঢাকা-১৭ ‍আসন

তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪:২৭

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন দিয়ে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন পাঁচ প্রার্থী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন টেলিভিশন প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, মোরগ প্রতীকের প্রার্থী কাজী এনায়েতউল্লাহ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদ আহমেদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ ও আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

আবদুস সালাম বলেন, ‘সাইকেল প্রতীকে তপু রায়হান এবং আপেল প্রতীকে মঞ্জুর হুমায়ুন ঢাকায় না থাকায় তারা টেলিফোনে বিএনপি চেয়ারম্যান ও তার প্রতীক ধানের শীষকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে আগেই মোরগ প্রতীকে কাজী এনায়তউল্লাহ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।’

আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে সশরীর উপস্থিত হয়ে তারেক রহমানের প্রতি সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, ‘দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে এই মুহূর্তে নির্বাচনে জয়লাভ করাতেই হবে। সাম্প্রদায়িক শক্তি দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। আমি উপলব্ধি করেছি, আমার প্রার্থিতা জাতীয়তাবাদী শক্তির ভোটকেই বিভক্ত করবে। সেই আশঙ্কা থেকেই আমি তারেক রহমানকে সমর্থন দিচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ বলেন, ‘সবার আগে বাংলাদেশ—এই স্লোগান সামনে রেখে আমি বিএনপি প্রার্থীকে সমর্থন করছি। আমার যাঁরা সমর্থক আছেন, তাঁরা ধানের শীষে ভোট দিলেই আমাকে ভোট দেওয়া হবে বলে গণ্য হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের বিকল্প নেই।’

এ ছাড়া ঢাকার বাইরে থাকায় আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মনজুর হুমায়ুন টেলিফোনে তারেক রহমানের সঙ্গে কথা বলে তাদের সমর্থন ব্যক্ত করেছেন। তারা দুজনেই ভোটারদের আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করার অনুরোধ জানান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য