হামে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১৫

১৭ এপ্রিল ২০২৬, ৭:১৯:২০

ফাইল ছবি

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে এমন আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ১১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১২৭ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৪৬৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ হাজার ২৪৩ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে সন্দেহজনক ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৭৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য