শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬, ০১:০৭ অপরাহ্ণ

কোনও দেশকে হুমকি দেয়ার অধিকার নেই ট্রাম্পের: লুলা

১৭ এপ্রিল, ২০২৬ ১০:২৪:১৩
ছবি: সংগৃহীত

বিশ্ব রাজনীতিতে উত্তেজনা বাড়ার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর ভাষার সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেছেন, কোনও দেশের বিরুদ্ধে হুমকি দেয়ার অধিকার ট্রাম্পের নেই এবং বৈশ্বিক নেতৃত্বে দায়িত্বশীল আচরণ জরুরি। তার এই মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সংবাদমাধ্যম আল আরাবিয়া বলছে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, অন্য দেশকে হুমকি দেয়ার ‘কোনও অধিকার’ তার নেই।

স্পেনের দৈনিক এল পাইসকে দেয়া এক সাক্ষাৎকারে লুলা এই মন্তব্য করেন। চলতি মাসে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে ‘একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে’। মূলত ট্রাম্পের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই লুলা এই প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রেসিডেন্ট লুলা বলেন, ‘ট্রাম্পের কোনও অধিকার নেই সকালে ঘুম থেকে উঠে একটি দেশকে হুমকি দেয়ার’। তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানের কথা উল্লেখ করে বলেন, সেখানে যুদ্ধ ও পররাষ্ট্রনীতির ক্ষমতা কংগ্রেস ও প্রেসিডেন্টের মধ্যে ভাগ করা রয়েছে।

৮০ বছর বয়সী এই বামপন্থি নেতা আরও বলেন, ‘শান্তি বজায় রাখতে শক্তিশালী নেতাদের আরও বেশি দায়িত্বশীল হওয়া জরুরি।’

মূলত বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো বিভিন্ন ইস্যুতে লুলা ও ৭৯ বছর বয়সী ট্রাম্প বিপরীত অবস্থানে রয়েছেন। গত বছর দুই নেতার বৈঠকের মাধ্যমে কিছুটা উত্তেজনা কমে এবং এতে বাণিজ্য শুল্কও কমানো হয়। তবে ব্রাসিলিয়া-ওয়াশিংটন সম্পর্ক এখনও টানাপোড়েনের মধ্যেই রয়েছে।

এদিকে লুলা আবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, স্থায়ী পাঁচ সদস্যের ভেটো ক্ষমতা তুলে দিতে হবে এবং আফ্রিকা ও লাতিন আমেরিকার আরও দেশকে অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি বলেন, ‘জাতিসংঘকে নতুনভাবে গঠন করার সময় এসেছে, যাতে এর বিশ্বাসযোগ্যতা ফিরে আসে। নইলে ট্রাম্প ঠিকই বলছেন’। মূলত এ কথা বলে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে অকার্যকর বলে ট্রাম্পের সমালোচনার প্রসঙ্গ টানেন।

স্পেন সফরের আগে দেয়া এই সাক্ষাৎকারে লুলা জানান, তিনি সেখানে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠক করবেন এবং প্রগতিশীল নেতাদের একটি ফোরামে অংশ নেবেন। বার্সেলোনায় আগামী শনিবার অনুষ্ঠিতব্য ওই সমাবেশে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও উপস্থিত থাকবেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310

Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD