সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে খুলল নিষিদ্ধ আ. লীগ কার্যালয়, উঠল দলীয় পতাকা

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৩৯:১৩

এবার দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কার্যালয় খুলেছেন নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। রোববার বিকালে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। প্রথমে তারা কার্যালয়ে প্রবেশ করেন। পরে পতাকা উত্তোলন করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, ২০-২৫ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন। তারা দলের নামে নানা ধরনের স্লোগান দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, “দীর্ঘ ১৭-১৮ মাস ধরে আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যাই। এরপর সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। “জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের বিষয়টি কেবল আনুষ্ঠানিকতা নয়। এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক।”

তিনি বলেন, “সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে।”

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD