শান্তিপূর্ণ নির্বাচন হলেও কিছু জায়গায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে: জুবায়ের
এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন হলেও কিছু জায়গায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সকাল থেকে সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। সাম্প্রতিক সময়ের ইতিহাসে সব থেকে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। এটি নতুন প্রজন্মের জন্য সম্পূর্ণ একটি নতুন ইতিহাস। তারা আগামী বাংলাদেশের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব বাছাই করবেন।
শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও কিছু কিছু জায়গায় দুঃখজনকভাবে হামলা ও সমস্যার খবর পাবার কথা জানিয়ে তিনি বলেন, বরিশালের ভোলাতে ব্যাপকভাবে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। এজেন্টদের কাজ করতে দেয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর সহযোগিতা পাওয়া যাচ্ছে না এমন অভিযোগও আছে। এছাড়া কুমিল্লা ও নোয়াখালীতেও সমস্যার কথা জানান তিনি।
তিনি বলেন, কুমিল্লার বরুড়াতে বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে সন্ত্রাসীরা। একদল লোক সেখানে নির্বাচনে বাধা দিচ্ছে, এজেন্টদের ঢুকতে বাধা দিচ্ছে। আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। এছাড়া নোয়াখালির হাতিয়ায় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়া হচ্ছে, এজেন্টদের বাধা ও হুমকি দিচ্ছে। হামলাও করা হয়েছে অনেক জায়গায়। যারা এ ধরনের কাজ করছে তারা হতাশাগ্রস্ত, এজন্য প্রশাসনসহ সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেন জামায়াতের এই মুখপাত্র।
তিনি বলেন, প্রশাসন যাতে কোনো একদিকে হেলে না পড়ে এটাই আমাদের ও দেশবাসীর প্রত্যাশা। এর কোনো ব্যত্যয় হলে অবশ্যই জনগণের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। বাকি সময়ের মধ্যে ভোটের সংখ্যা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া গণমাধ্যমের সমালোচনাও করেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, গতকাল কিছু কিছু মিডিয়া খুবই হতাশাব্যঞ্জক রিপোর্ট করেছে। মিডিয়া যাতে কোনো দলের মুখপাত্র না হয় সে প্রত্যাশা করব। আজকে পুরো দিনের কার্যক্রম পর্যালোচনা করব। সকালটা আরম্ভ হয়েছে ভালো, সন্ধ্যাটা যাতে সুন্দর হয় সে প্রত্যাশা করি। জনগণকে নিয়ে আমরা গভীর পর্যবেক্ষণ করছি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য