ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে জামায়াত আমীর ও বিএনপি প্রার্থীর আলিঙ্গন
আজ ভোটপ্রদান শেষে নিজ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন প্রার্থীরা। ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। একই সময়ে ওই ভোট কেন্দ্রে হাজির হন বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় দেখা যায় রাজনৈতিক সৌহার্দ্য। দুজন দুজনকে জড়িয়ে ধরেন।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ভোটকেন্দ্রে দুই নেতা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। ভোটকেন্দ্র থেকে বের হবার পথে সাক্ষাৎ হয় তাদের। এসময় ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। একে অপরকে জড়িয়ে ধরেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় তারা কিছুক্ষণ কথা বলেন এবং একে অপরকে আলিঙ্গন করেন।
ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন জামায়াত আমিরকে উদ্দেশ্য করে বলেন, আমরা দুজন ভাই ভাই। যেই জিতি এলাকার মানুষের জন্য একসঙ্গে কাজ করবো। জামায়াত আমীর বলেন, একসঙ্গে সৌহার্দ্য বজায় রেখেই আমরা দেশ গড়বো। দুই প্রার্থীই ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন৷ কুশল বিনিময় ও আলিঙ্গন শেষে চলে যান।
এদিকে ভোটকেন্দ্রে উপস্থিত সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. সাইফ বলেন, আমরা ভোর পাঁচটা থেকে এখানে অবস্থান করছি। সকালে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে ভোটারদের কাছে ভোট চাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি, বাকবিতণ্ডা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য