মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ণ

৫৪ বছরে সবাই পরীক্ষায় ব্যর্থ, দাঁড়িপাল্লাকে সুযোগ দিন: গোলাম পরওয়ার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৯:৩৭

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বারবার যারা পরীক্ষায় ফেল করে, তাদের আবার সুযোগ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ৫৪ বছরে সবাই পরীক্ষায় ব্যর্থ, তাই এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দিন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী খানজান আলী থানার উদ্যোগে শিরোমনি কেডিএ মার্কেট চত্বরে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর দীর্ঘ ৫৪ বছরে যারা বারবার রাষ্ট্রক্ষমতায় গেছে, তারা সুশাসন, সততা ও নৈতিকতার পরীক্ষায় ব্যর্থ হয়েছে। দেশের মানুষ এবার একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। এই পরিবর্তনের অর্থ হলো— যারা দুর্নীতি, চাঁদাবাজি, দলীয়করণ ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া যাবে না। গোলাম পরোয়ার অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকা প্রধান রাজনৈতিক দলগুলো প্রশাসনকে দলীয়করণ করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে ও ভিন্নমতের ওপর দমন-পীড়ন চালিয়েছে।

খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ডাকসু জিএস এস এম ফরহাদ, এনসিপির দক্ষিণাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু ও খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান। বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া মিন্টু, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি হরিদাস মণ্ডল প্রমুখ।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এমপি ও মন্ত্রীরা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন না এবং সরকার হবে জনগণের সেবক। আমরা ক্ষমতায় গেলে শাসক নয়, জনগণের খাদেম হিসেবে কাজ করব। নিজ নির্বাচনি এলাকায় অতীতে সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য উন্নয়ন করেছেন জানিয়ে গোলাম পরোয়ার বলেন, আবার নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসন, সেতু নির্মাণ, বেকার যুবকদের কর্মসংস্থান, কারিগরি শিক্ষা সম্প্রসারণ এবং হাসপাতাল উন্নয়ন করা হবে।

সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে অপপ্রচারের অভিযোগ তুলে গোলাম পরোয়ার বলেন, জামায়াত ক্ষমতায় এলে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত থাকবে। ডুমুরিয়া-ফুলতলা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। জনসভায় ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার বলেন, আসন্ন নির্বাচন নিরপেক্ষ হলে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জনগণ একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়বে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD