বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় মাস্টার্স পরীক্ষা, ভিডিও ভাইরাল

১৮ এপ্রিল ২০২৬, ৫:৫৮:৪১

এবার বরিশালে মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরম এবং অপর্যাপ্ত আলোর মধ্যে পরীক্ষার্থীরা মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছেন। ঘটনাটি ঘটেছে বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মাস্টার্স ফাইনাল পর্বের পরীক্ষা চলাকালীন সময়ে।

বিষয়টি নিশ্চিত করে কলেজটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সে সময় কলেজে দুটি বিদ্যুৎ সংযোগ থাকলেও একটিতেও বিদ্যুৎ ছিল না। ফলে বাধ্য হয়েই শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে বাধ্য হন।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সংযোগের দায়িত্বপ্রাপ্তদের একাধিকবার ফোন করা হলেও তারা জানান, ট্রান্সমিটারের কাজ চলছিল। প্রায় এক ঘণ্টা ধরে শিক্ষার্থীরা মোমবাতির আলোয় পরীক্ষা দেন। অধ্যক্ষ জানান, ওই পরীক্ষায় বিএম কলেজ-এর শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কলেজে সোলার প্যানেল স্থাপনের চেষ্টা চলছে, যদিও এটি একটি বড় ও ব্যয়বহুল প্রকল্প। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

এদিকে, এ বিষয়ে ওজোপাডিকো-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকার বিষয়টি তাকে কেউ জানায়নি এবং কেউ ফোনও করেনি। তিনি আরও জানান, বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। উৎপাদন কবে বাড়বে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ভালো বলতে পারবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।