ধান খাওয়ায় মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা

১৬ এপ্রিল ২০২৬, ৯:৫০:৫১

এবার চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখিতে ধান খাওয়ায় ২৯টি ছোট ছোট বাচ্চা মেরে ফেলার অভিযোগ উঠেছে বাছা মিয়া নামের একজনের বিরুদ্ধে। এছাড়া ২৭টি বাবুই পাখির বাসা ভেঙে ফেলেছেন ওই ব্যক্তি। এ ঘটনায় বাছা মিয়া নামের একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে পোপাদিয়া ঈশ্বরভুট্ট বাজার এলাকা ঘটনা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত বাছা মিয়া (৪৮) পোপাদিয়া ইউনিয়ন নুরুল ইসলামের ছেলে।

ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, দেশীয় বাবুই পাখির বাসা ভাঙার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি- অভিযুক্ত ব্যক্তির ফসলি জমির ধান খেয়েছে পাখি। এ অভিযোগে বাবুই পাখির ২৭টি বাসাগুলো ভেঙে ফেলেছে। পাখির বাসার মধ্যে আমরা ছোট ছোট ২৯টি পাখির বাচ্চা দেখতে পাই। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাছা মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।