এবার যুক্তরাষ্ট্রকে ইরানের পাল্টা হুমকি, অচল করে দেয়া হবে ৩ সমুদ্রপথ

১৬ এপ্রিল ২০২৬, ১২:৫১:০২

ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের জারি করা নৌ-অবরোধ অব্যাহত থাকলে শুধু লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেয়া হবে। বুধবার (১৫ এপ্রিল) ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেয়া হবে। সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে একে বর্তমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।

আবদুল্লাহি আরও বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং লোহিত সাগরে কোনো ধরনের আমদানি-রপ্তানি চলতে দেবে না। জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় ইরান চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

এর আগে শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ার পর সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে ওয়াশিংটন। তবে এই অবরোধের মধ্যেই মঙ্গলবার বেশ কিছু জাহাজকে ইরানি বন্দর থেকে হরমুজ প্রণালি অতিক্রম করতে দেখা গেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।