কৃষকের উন্নয়নে প্রয়োজনে ভর্তুকি দেবে সরকার: শ্রমমন্ত্রী

১৫ এপ্রিল ২০২৬, ১২:১৯:২৩

কৃষকের উন্নয়নে এবং ফসলের উৎপাদন বাড়াতে সরকার প্রয়োজনে ভর্তুকি দেবে বলে জানিয়েছেন শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মৌলভীবাজারের জুড়ীতে কৃষি বিপ্লব ঘটাতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে জানিয়ে শ্রমমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলে প্রচুর পরিমাণে মিষ্টি লাউ, তরমুজ ও লেবুজাতীয় ফসল উৎপাদিত হয়। আপনাদের উৎপাদন আরও বাড়াতে হবে, যাতে পুরো সিলেট বিভাগের বাজার এখানের ফসলে ভরে ওঠে।

তিনি বলেন, মাটি পরীক্ষা করে উৎপাদন বাড়াতে ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজনে আমরা কৃষকদের ভর্তুকি দেব। আমরা প্রমাণ করতে চাই, মৌলভীবাজারের জুড়ীতে কৃষি বিপ্লব হয়েছে; যাতে প্রধানমন্ত্রী এসে ঘোষণা দিতে পারেন, বাংলাদেশের মধ্যে কৃষকের আরেকটি হাট হবে এই জুড়ী।’

আরিফুল হক চৌধুরী বলেন, ‘বিদেশে এখন কৃষকের ব্যাপক চাহিদা রয়েছে। তবে কাউকে কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া এমনি এমনি বিদেশে পাঠানো যাবে না। এ জন্য একটি ট্রেনিং সেন্টার খোলার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা বলেছি। আমার মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

তিনি বলেন, শুধু কৃষির ওপর প্রশিক্ষণ দিলেই হবে না, বিভিন্ন দেশের ভাষা শেখার কোর্সও এখানে অন্তর্ভুক্ত করতে হবে। তবেই আমাদের সামনে একটি সুবর্ণ সুযোগ তৈরি হবে। এ সুযোগ কাজে লাগিয়ে এই অঞ্চল থেকে মানুষ বিদেশে যেতে না পারলে মন্ত্রী হিসেবে আমার আক্ষেপ থেকে যাবে।’

অবৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, ‘দেশে যারা অবৈধ আদম ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। আদম ব্যাপারীর খপ্পরে যাতে কেউ না পড়েন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে ৮১৯ জন ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।