সৌদিসহ ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান

১৪ এপ্রিল ২০২৬, ৮:২০:০০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলায় সহায়তা করার অভিযোগে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। তেহরানের দাবি, এই দেশগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

গত সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

ক্ষতিপূরণ দাবি করা দেশগুলো হলো— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কাতার ও জর্ডান। চিঠিতে ইরানি দূত উল্লেখ করেন, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা পরিচালনার সুযোগ করে দিয়ে এই দেশগুলো সরাসরি দায়বদ্ধতা লঙ্ঘন করেছে। ফলে যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার দায় নিয়ে দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে প্রমাণ রয়েছে যে উল্লিখিত দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে। এসব তথ্য আগেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

চিঠিতে আমির সাঈদ ইরাভানি আরও বলেন, ইরান পূর্ববর্তী প্রতিবেদনে উল্লেখ করেছে যে আগ্রাসীরা (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) ওই দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করেছে এবং কিছু বেসামরিক লক্ষ্যবস্তুতে অবৈধ হামলায় সরাসরি অংশগ্রহণ করেছে। এই পাঁচটি দেশ তাদের আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন করেছে। তাই ইরানের ওপর সংঘটিত সব ধরনের বস্তুগত ও নৈতিক ক্ষতির জন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়, যাতে বহু মানুষ নিহত ও আহত হয়। এর জবাবে ইরান ইসরায়েলসহ ইরাক, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি থাকা বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলেও গত সপ্তাহে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

এদিকে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে তৈরি হওয়া সংকট নিরসনে গত রোববার পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ সেই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যুদ্ধবিরতি চললেও এই ক্ষতিপূরণের দাবি নতুন করে উত্তাপ ছড়াতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সূত্র- আনাদোলু এজেন্সি

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।