জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির

১২ এপ্রিল ২০২৬, ৬:১৬:৫৩

এবার সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনগণের সঙ্গে ধোঁকাবাজি ও গাদ্দারির মধ্য দিয়ে সংসদের যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপি গণভোট অধ্যাদেশসহ মানুষের জীবনের স্বার্থে সম্পৃক্ত ও নিরাপত্তাসংশ্লিষ্ট অধ্যাদেশগুলো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা তথা গায়ের জোরে বাতিল করেছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছি। বিএনপি ফ্যাসিবাদের পক্ষে, আর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।

তিনি রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, অনেক বিল পাসের আগে আমাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়নি। তারা আমাদের ব্ল্যাকমেইল করতে চেয়েছিল। কিন্তু আমরা তাদের পাতা ফাঁদে পা দিইনি।

তিনি বলেন, আমরা যতদিন সংসদে লড়াই করতে পারব, ততদিন থাকব। আর যখন লড়াই করতে পারব না, তখন এক মিনিটও থাকব না। রাজপথ আমাদের পরিচিত। জনগণের আকাঙ্ক্ষা ও চাহিদা আদায়ে তাদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে লড়াই করব। সেই লড়াইয়ে চূড়ান্তভাবে ফ্যাসিবাদের পতন হবে এবং জনগণের বিজয় হবে, ইনশাআল্লাহ।

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদ। এছাড়া শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধারাও বক্তব্য রাখেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।