ইসলামাবাদে ইরানের আলোচকরা নিজেদের স্বার্থ রক্ষা করছে: মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসলামাবাদে চলমান আলোচনায় অংশ নেওয়া ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশের স্বার্থ রক্ষায় দৃঢ় ও সাহসী ভূমিকা পালন করছে। শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, পাকিস্তানে উপস্থিত ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে দেশের স্বার্থ রক্ষা করছে এবং এ বিষয়ে সাহসিকতার সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, আলোচনার ফলাফল যাই হোক না কেন, জনগণের সেবায় আমাদের কার্যক্রম এক মুহূর্তের জন্যও থেমে থাকবে না। সরকার সবসময় জনগণের পাশে থাকবে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার পর মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলা চালায় ইরান। এতে এই অঞ্চলের পরিস্থিতি তীব্র আকার ধারণ করে।
উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার আওতায় আজ ইসলামাবাদে আলোচনা শুরু হয়েছে। এতে ইরান ১০ দফা প্রস্তাব উত্থাপন করেছে। যার মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার, ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের দাবি অন্তর্ভুক্ত রয়েছে।
তবে, যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করে ইরান বলেছে, এই আলোচনা সরাসরি সংঘাতের সমাধানের জন্য নয়, বরং কূটনৈতিক পর্যায়ে পরিস্থিতি মোকাবিলার একটি কৌশল।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

