হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

১১ এপ্রিল ২০২৬, ২:২৩:১৮

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিমানবন্দরে অবস্থানকালীন সময়ে তিনি শারীরিক অস্বস্তি ও মাথা ঘোরা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার দুপুর ১২টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছান মন্ত্রী। বিমানবন্দর থেকে লালমনিরহাটে যাওয়ার আগে তিনি ভিআইপি রেস্টরুমে দলীয় নেতাকর্মীদের সাথে সাংগঠনিক বিষয়ে আলোচনা করছিলেন।

রেস্টরুমে কথা বলার একপর্যায়ে মন্ত্রী হঠাৎ অসুস্থতা বোধ করেন। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় নেতাকর্মীরা তাকে তাৎক্ষণিকভাবে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

প্রাথমিকভাবে মন্ত্রীকে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে সাধারণ বিমানে ভ্রমণের ঝুঁকি নিতে নিষেধ করেন।

গফুর সরকার আরও জানান, সার্বিক অবস্থা বিবেচনা করে মন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেটি পৌঁছা মাত্রই তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।