নির্যাতনের শিকার ফিলিস্তিনি শিশু, ইসরায়েল নিয়ে ক্ষোভ প্রকাশ দ. কোরিয়ার প্রেসিডেন্টের
এবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং একটি ভিডিও পোস্ট করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। সেই ভিডিওতে দাবি করা হয়, অধিকৃত পশ্চিম তীরে ছাদ থেকে একজন ফিলিস্তিনির মৃতদেহ ফেলে দিচ্ছে ইসরায়েলি সেনারা। শনিবার এক্সে করা আরেকটি পোস্টে লি লিখেছেন, ‘অন্তত একবার হলেও সারা বিশ্বের মানুষদের সমালোচনার কথা ভেবে দেখা উচিত। বিশ্বজুড়ে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এই অবিরাম কর্মকাণ্ডের কারণে মানুষগুলো কষ্ট পাচ্ছে।’ পোস্টে তিনি ইঙ্গিত দেন, এসব কাজের কারণে অনেক মানুষ ভুগছে। তাই এসব ঘটনার সমালোচনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পোস্টের পর এক্সে লি এই মন্তব্য করেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে, ২০২৪ সালের একটি পুরোনো ঘটনাকে নতুন ঘটনা হিসেবে উপস্থাপন করার জন্য প্রেসিডেন্ট লিকে অভিযুক্ত করা হয়।
এই অভিযোগের পরই লি জে-মিয়ং প্রতিক্রিয়া দেন। এর আগে গতকাল শুক্রবার লি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বলেন, ‘ইসরায়েলি সেনারা একজন ফিলিস্তিনি শিশুকে নির্যাতন করে তাকে ছাদ থেকে ফেলে দেয়।’ এক্সে একটি পোস্টে লি বলেন, ভিডিওটির সত্যতা যাচাই করা এবং কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা মূল্যায়ন করা প্রয়োজন। তিনি অভিযোগগুলোর গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, ‘যুদ্ধকালীন হত্যাকাণ্ড ভিন্ন নয়, যেমন জোরপূর্বক ‘কমফোর্ট উইমেন’ (দাসত্বে বাধ্য করা) এবং ইহুদিদের গণহত্যা। আমরা এর আপত্তি জানাই।’ ভিডিওটি এক্সে পোস্ট করেন জেভনিওর নামের একজন ব্যবহারকারী এবং ক্যাপশনে লেখেন, ‘সরাসরি ফুটেজ: আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) সেনারা একজন ফিলিস্তিনি শিশুকে নির্যাতন করে ছাদ থেকে ফেলে দিয়েছে। যারা নিজেদের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী হিসেবে পরিচয় দেয়।’ লি একটি পৃথক পোস্টে বলেন, ‘ঘটনাটি ২০২৪ সালের সেপ্টেম্বরে ঘটেছিল।
তিনি আরো যোগ করেন, হোয়াইট হাউস ঘটনাটিকে ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছে। অন্যদিকে ইসরায়েল বলেছে, একটি তদন্ত করা হয়েছে এবং এর প্রতিক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী একটি পোস্টে লি ইসরায়েলের মন্তব্য সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করেন এবং ‘মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের অব্যাহত লঙ্ঘন’ নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘বিশ্বব্যাপী সমালোচনাকে আমলে নেওয়া উচিত।’ তিনি বলেন, ‘সার্বজনীন মানবাধিকার এবং কোরিয়া প্রজাতন্ত্রের জাতীয় স্বার্থের জন্য, আমি কী করতে পারি তা খুঁজে বের করতে আমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে।’
শুক্রবার এক্স-এ করা তার পোস্টে লি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বা ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে বলেছেন, ‘অতীতের বেদনাদায়ক ক্ষত যেন আবার নতুন করে ট্র্যাজেডি হিসেবে ফিরে না আসে।’ এর আগে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর মন্তব্য অগ্রহণযোগ্য এবং এর তীব্র নিন্দা জানানো হলো।’ তাদের অভিযোগ, তিনি হলোকস্ট স্মরণ দিবসের আগে ইহুদিদের গণহত্যাকে ছোট করে দেখিয়েছেন। বিবৃতিতে দাবি করা হয়েছে, লি জে-মিয়ং যে ভিডিওটি উদ্ধৃত করেছেন, সেটি দিয়ে ইসরায়েলর বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হয়েছ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

