মার্কিন-ইসরায়েলি হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু

১০ এপ্রিল ২০২৬, ২:৩৯:২৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আহত হওয়ার কয়েকদিন পর মারা গেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। তেহরানে তার বাসভবনে চালানো ওই হামলায় সেসময় তার স্ত্রী নিহত হয়েছিলেন। যুদ্ধের মধ্যে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এই মৃত্যু নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আহত হয়ে মারা গেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। ইরানি গণমাধ্যম জানিয়েছে, গত ১ এপ্রিল চালানো হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন এবং এর কয়েকদিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলেন।

৮১ বছর বয়সী খারাজি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন স্ট্র্যাটেজিক কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল রিলেশন্স-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মেহর ও ইসনা বার্তাসংস্থা টেলিগ্রামে জানিয়েছে, ‘কয়েকদিন আগে আমেরিকান-জায়নিস্ট শত্রুর সন্ত্রাসী হামলায় আহত এই অভিজ্ঞ কূটনীতিক আজ রাতে শহিদ হয়েছেন।’

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানে তার বাসভবনে হামলায় ঘটনাস্থলেই তার স্ত্রীও নিহত হন।

খারাজি জাতিসংঘে নিউইয়র্কে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির অধীনে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় ইরানের আধ্যাত্মিক নেতা আলি খামেনি এবং দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বও নিহত হয়েছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।