তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি, বিসিবিতে আইসিসির হস্তক্ষেপ চান বুলবুল

৮ এপ্রিল ২০২৬, ১০:৪০:১৮

এবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালিত তদন্ত প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত ও আইনগতভাবে অকার্যকর দাবি করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সদ্য সাবেক প্রধান আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (৭ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এনএসসি কর্তৃক গঠিত বর্তমান অ্যাড-হক কমিটি বাতিলের দাবি জানান।

বুলবুল উল্লেখ করেন, ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও বৈধ ছিল এবং সেখানে কোনো ধরনের অনিয়ম হয়নি। তিন সদস্যের একটি শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে ওই নির্বাচন পরিচালিত হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুলবুল অভিযোগ করেন, বিসিবি নির্বাচনে অনিয়মের যে দাবি তোলা হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ক্রিকেট বোর্ডকে অস্থিতিশীল করার একটি অপচেষ্টা মাত্র। তার মতে, কোনো স্বায়ত্তশাসিত ক্রীড়া ফেডারেশনের সমাপ্ত নির্বাচনী প্রক্রিয়া তদন্ত করার আইনগত এখতিয়ার এনএসসি-র নেই এবং এ ধরনের হস্তক্ষেপ আইসিসির মৌলিক নীতিমালার পরিপন্থি। নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে অ্যাড-হক কমিটি গঠনকে তিনি ‘অবৈধ ও অসাংবিধানিক’ হিসেবে অভিহিত করেছেন।

বিবৃতিতে সতর্ক করে তিনি আরও বলেন, ‘এ ধরনের একতরফা সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে, যা ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ ও বড় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।’ বুলবুল আইসিসির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচিত বোর্ডের বৈধতা রক্ষায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। একইসঙ্গে তিনি দাবি করেন, আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত তিনিই বিসিবির বৈধ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।