যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় নেতিবাচক প্রভাব পড়বে না: ট্রাম্প

৪ এপ্রিল ২০২৬, ২:৪২:৪২

এবার ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মার্কিন বিমান ধ্বংসের ফলে আলোচনা বাধাগ্রস্ত হবে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, একদমই না। এটি যুদ্ধ, আমরা এখন যুদ্ধের মধ্যে আছি।’ সংঘাত শুরুর পর মার্কিন বিমান হারানো নিয়ে এটিই প্রেসিডেন্টের প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।

নিখোঁজ বৈমানিকদের উদ্ধারে চলমান ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ অভিযানের বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন ট্রাম্প। বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে তিনি এই অভিযানের সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

সিএনএন-এর তথ্যমতে, ইরানে ভূপাতিত হওয়া এফ-১৫ই স্ট্রাইক ইগল বিমানের দুইজন ক্রু সদস্যের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে মার্কিন হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তবে দ্বিতীয় ক্রু সদস্যের ভাগ্য এখনো অনিশ্চিত। অন্যদিকে, আল জাজিরা জানিয়েছে, ইরান হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন এ-১০ অ্যাটাক বিমান ভূপাতিত করার দাবি করেছে, যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সামরিক এই উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অঙ্গনে স্থবিরতা দেখা দিয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তেহরান পূর্বনির্ধারিত আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানানোয় যুদ্ধবিরতির প্রচেষ্টাগুলো আপাতত থমকে গেছে। খণ্ডযুদ্ধ এবং কূটনৈতিক তৎপরতা যখন সমান্তরালভাবে চলছে, তখন ট্রাম্পের এই মন্তব্য যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।