প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শিশির মনিরের খোলা চিঠি
সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের কৃষকদের দুর্ভোগ তুলে ধরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন শিশির মনির। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি এ চিঠি দেন। এতে হাওরাঞ্চলের চলমান সংকট, কৃষকের একমাত্র ফসল হারানোর শঙ্কা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরেন।
চিঠির শুরুতে শিশির মনির অনিশ্চয়তার কথা উল্লেখ করে লেখেন, আমি জানি না এই চিঠি আপনার দৃষ্টিগোচর হবে কি না! তথাপি বুক ভরা আশা নিয়ে আপনাকে লিখছি। তিনি আরও লেখেন, আমরা হাওর পাড়ের মানুষ। একটিমাত্র ফসলই আমাদের জীবন। সেই ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সমাধানের জন্য অনেকেই সাধ্যমত চেষ্টা করছেন কিন্তু পারছেন না।
প্রধানমন্ত্রীর প্রতি সরাসরি আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, আপনার মূল্যবান সময়। অনেক ব্যস্ত আপনি। অনেক কাজ আপনার হাতে। তবুও আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সুনামগঞ্জ-হবিগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোনাসহ আসে পাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ দরকার।

চিঠিতে শিশির মনির প্রস্তাব করেন, প্রয়োজনে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে এলাকা পরিদর্শন করতে পারেন এবং দেশের সেনাবাহিনীকে কাজে লাগিয়ে দ্রুত পানি নিষ্কাশন ও অবকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এতে প্রশাসনিক উদ্যোগ আরও গতিশীল হবে বলে তিনি মনে করেন।
বিশেষ করে দিরাই-শাল্লা অঞ্চলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আপনার শাসন আমলে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। আপনার বাবাও এই কাজের মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন। আমাদের এলাকায় (দিরাই-শাল্লা) বেশি করে খাল খনন করা দরকার। অপরিকল্পিত বাঁধ অনেক ক্ষতি করছে। আমি আশা করি আপনি পারবেন ইনশাআল্লাহ।
চিঠির শেষে তিনি নিজের ঠিকানা হিসেবে সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুরের নাম উল্লেখ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নেবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

