সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী দেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। এ ছাড়া মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। বুধবার (১ এপ্রিল) সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত স্ট্যাটিস্টিক্স অফ পাবলিক সার্ভেন্ট ২০২৪ অনুযায়ী বর্তমানে মোট কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৮৯১।
তিনি বলেন, প্রথম শ্রেণিতে কর্মরত রয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন এবং শূন্য পদ রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জনের বিপরীতে শূন্য পদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি।
তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন কর্মরত থাকলেও শূন্য পদ রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণিতে কর্মরত ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জনের বিপরীতে শূন্য পদ ১ লাখ ১৫ হাজার ২৩৫টি।
প্রতিমন্ত্রী বলেন, এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে কর্মরত রয়েছেন ৭ হাজার ৯৮০ জন এবং শূন্য পদ রয়েছে ৮ হাজার ১৩৬টি। অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক কর্মচারীরাও বিভিন্ন শ্রেণিতে কর্মরত থাকলেও তারা সরকারের বেতন স্কেল অনুসরণ করেন না।
পরে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল ইসলাম এসব শূন্য পদ পূরণের সময়সীমা জানতে চান । জবাবে প্রতিমন্ত্রী বলেন, শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

