ইরান যুদ্ধ কবে শেষ হচ্ছে, ইঙ্গিত দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব বেশি দিন স্থায়ী হবে না এবং শিগগিরই এটি শেষ হতে যাচ্ছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে তার লক্ষ্য প্রায় অর্জন করে ফেলেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে ফোনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা আর বেশি দিন সেখানে থাকব না। আমরা তাদের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছি।’ তিনি আরও জানান, ইরানের আক্রমণাত্মক শক্তি পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
এদিকে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইসফাহানের কাছে বড় ধরনের বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের উল্লেখযোগ্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ঠিক কী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, তা স্পষ্ট করে জানাননি তিনি।
হরমুজ প্রণালি নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরে গেলে এই গুরুত্বপূর্ণ নৌপথ ‘স্বয়ংক্রিয়ভাবেই’ খুলে যাবে। গত ৩১ দিন ধরে ইরান এই প্রণালি বন্ধ রাখায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ‘যেসব দেশ এই প্রণালি ব্যবহার করে, তারা নিজেরাই এটি খুলে নিতে পারবে। তেলের স্বার্থেই তারা তা করবে।’
ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, এবং সেই লক্ষ্য পূরণ হয়েছে। তিনি এমনও দাবি করেন যে, ইরানে ইতোমধ্যে ‘শাসন পরিবর্তন’ ঘটেছে এবং এখন সেখানে তুলনামূলকভাবে ‘যুক্তিসংগত’ নেতৃত্ব রয়েছে। তবে সম্ভাব্য কূটনৈতিক আলোচনার বিষয়ে তিনি স্পষ্ট কোনো পরিকল্পনার কথা জানাননি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

