শৌচাগার থেকে ১৪৫ লিটার ডিজেল উদ্ধার
এবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় এক বসতবাড়ির শৌচাগার থেকে অবৈধভাবে মজুদ রাখা ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টংপাড়া এলাকায় অবস্থিত মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির শৌচাগারের ভেতরে তিনটি ড্রামে সংরক্ষিত মোট ১৪৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
পরে জব্দকৃত ডিজেল প্রতি লিটার ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়। একই সঙ্গে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার দায়ে সুজন নামের ওই ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

