আইনজীবী সমিতির নির্বাচনে সকল পদে বিএনপিপন্থিরা জয়ী

৩০ মার্চ ২০২৬, ৯:৪৬:৫৪

এবার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদের সবকটিতে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ ও সাধারণ সম্পাদক হয়েছেন মোল্লা মশিউর রহমান নান্নু।

রবিবার (২৯ মার্চ) রাতে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ। আজ সকাল ৮টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শেখ আব্দুল আজিজ জানান, নির্বাচনে এক হাজার ২০২ জন ভোটারের মধ্যে এক হাজার ৫৬ জন ভোট দিয়েছেন।

ফল ঘোষণার পর বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তারা আনন্দ মিছিলও করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি মহসিন চৌধুরী (৪২০) ও মোশারফ হোসেন (৪০৫), যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান (৪৬০), লাইব্রেরি সম্পাদক জয়দেব কুমার সরকার (৪৮৫), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন নাহার নাজমুন নেছা জেবা (৪৯৮)।

কার্যনির্বাহী পরিষদের বিজয়ী সাত সদস্য হলেন, শেখ সোহান ইসলাম (৬০২), শাজাহান ঠাকুর (৫৭৬), নারায়ণ কুমার মন্ডল (৫২১), আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা (৫১১), শাকিরা ফেরদৌস রিমি (৪৯২), মোহাম্মদ আশিকুজ্জামান (৪৬৯) ও স্বর্ণালী দাস (৪৪৭)। ৬২৪ ভোট পেয়ে নির্বাচিত হওয়া মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ বলেন, “এই বিজয় খুলনার আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সমিতিকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য সব আইনজীবীর সহযোগিতা কামনা করছি।”

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।