আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম

২৯ মার্চ ২০২৬, ১০:৪৭:১৮

আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে (সংসদ) আসিনি, সংবিধান সংস্কারের জন্য এসেছি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ ইসলাম বলেন, আমি অনেকক্ষণ ধরে আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম। আমরা আশা করি, আপনি যখন ফ্লোর দেবেন, সেখানে কোনো বৈষম্য করবেন না।

তিনি বলেন, ‘আজ বিরোধীদলীয় নেতা মূলতবি প্রস্তাব পেশ করেছেন। সে অনুযায়ী আপনার রুলিংও হয়েছে। সে বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য ব্যাখ্যা করেছেন। সংক্ষিপ্ত সময় হলেও তো আমাদেরও কথা বলার সুযোগ দেওয়া উচিত।’

নাহিদ ইসলাম আরও বলেন, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন— এই দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে, যার মূল ভিত্তি হলো ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’।

তিনি অভিযোগ করেন, আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সে আদেশকে অমান্য করা হচ্ছে। যার ভিত্তিতে আমরা এখানে এসেছি সে আদেশকে অসাংবিধানিক বলারও চেষ্টা করা হয়েছে। এটি গ্রহণযোগ্য নয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।