১৩ দিন বিরতির পর চলছে সংসদ অধিবেশন

২৯ মার্চ ২০২৬, ৬:১৩:৫১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৩ দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক পুনরায় শুরু হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত কার্যক্রম চলে। পরে ঈদ ও সরকারি ছুটির কারণে তা মুলতবি করা হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিরতির সময়ে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি দুটি বৈঠক করেছে। এর মধ্যে ১১৩টি অধ্যাদেশ রাখা বা বাতিলের বিষয়ে সরকার ও বিরোধী দল একমত হয়েছে। তবে বাকি ২০টি অধ্যাদেশ নিয়ে এখনো মতৈক্য হয়নি।

বিশেষ কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে এ বিষয়ে সংসদে প্রতিবেদন দেবে। আর চলতি অধিবেশনের মধ্যেই, অর্থাৎ ১১ এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শনিবার অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠকে ১০ এপ্রিলের মধ্যে সব সংসদ সদস্যের জন্য আবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংসদের সাউন্ড সিস্টেমের সমস্যার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকারি ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন।

এছাড়া কার্যসূচিতে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং এসব নোটিশের ওপর সংক্ষিপ্ত আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারণ করা হয়েছে। কার্য-উপদেষ্টা কমিটির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।