শিগগিরই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

২৮ মার্চ ২০২৬, ১১:৫৬:১২

ইরান যুদ্ধকে দীর্ঘ করার পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান শিগগিরই শেষ করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

মার্কিন ডানপন্থি পডকাস্টার বেন জনসনের সঙ্গে আলাপকালে ভ্যান্স জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা সীমিত ও সাময়িক। যুক্তরাষ্ট্র দ্রুত তাদের লক্ষ্য পূরণ করে সেনা প্রত্যাহার করবে বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে খুবই স্পষ্ট করে বলেছেন, আমরা এক বছর বা দুই বছর পরেও ইরানে থাকতে আগ্রহী নই।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা খুব শিগগিরই সেখান (ইরান) থেকে বেরিয়ে আসব। জ্বালানির দাম আবার কমে আসবে।’

ইরান যুদ্ধে ফলে যুক্তরাষ্ট্রের গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে ভ্যান্সের ভাষ্য, গ্যাসের এই মূল্যবৃদ্ধি সাময়িক। যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেই গ্যাসের দাম কমে যাবে বলে মনে করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুরু থেকেই ইরানে সামরিক অভিযানের পক্ষে ছিলেন না ভ্যান্স। মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়ানোর ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরুৎসাহিত করেছিলেন তিনি।

এদিকে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি ইস্যুতে বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র। সামরিক শক্তির মাধ্যমে এই প্রণালি ‘উন্মুক্ত’ করতে না পেরে এখন কূটনৈতিক পথে হাঁটছেন ট্রাম্প। এক্ষেত্রে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন ভ্যান্স।

ইসরায়েলি পক্ষ অবশ্য এখনই যুদ্ধের সমাপ্তি চায় না। এ বিষয়টি সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপও হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্টের।

সূত্র: আনাদোলু

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।