ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম

২৮ মার্চ ২০২৬, ১:০০:৩৭

এবার ভারত-পাকিস্তানসহ চার দেশের নাম উল্লেখ করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের ৮৩তম ধাপে এসব দেশের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলে জানিয়েছে ইরান। শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

মুম্বাইয়ে অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশাপাশি স্পেন, পাকিস্তান, ভারত ও জার্মানির জনগণের সমর্থন ও সংহতির জন্য ধন্যবাদ জানানো হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে ৮৩তম দফায় এই হামলা চালানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসরায়েলের আশদোদে তেলের ডিপো, মোদিইন এলাকার সামরিক স্থাপনা এবং একটি মার্কিন সামরিক তথ্যকেন্দ্র। এছাড়া আরব আমিরাতের আল-ধাফরা ও কুয়েতের আল-উদেইরি ঘাঁটিসহ বিভিন্ন মার্কিন স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। এতে দূরপাল্লার ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, মাল্টি-ওয়ারহেড প্রযুক্তি এবং ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে আইআরজিসি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।