যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের
এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, ইরানে সাম্প্রতিক আক্রমণ ও পাল্টা আক্রমণের ফলে ওই অঞ্চলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ইতোমধ্যে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যুদ্ধ পরিস্থিতি শুধু সংশ্লিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ নয়, বরং পুরো বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, চলমান সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। জ্বালানি সংকটকে কেন্দ্র করে জনজীবনে ইতোমধ্যে বড় ধরনের দুর্ভোগ দেখা দিয়েছে।
বিরোধীদলীয় নেতা আরও উল্লেখ করেন, ঈদ ও রোজাকে কেন্দ্র করে কয়েকদিনের দীর্ঘ ছুটির পর আগামী ২৯ মার্চ থেকে অফিস-আদালত, কলকারখানাসহ সব কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু হবে।
সেক্ষেত্রে সংকট আরো মারাত্মকভাবে দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি সংগ্রহের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এক বিরক্তিকর ভোগান্তির মুখে পড়েছে জনগণ।’
তিনি বলেন, জ্বালানি সংকট কেবল যানবাহন চলাচল বা বিদ্যুৎ সরবরাহেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি শিল্পকারখানা, কৃষি এবং সব ধরনের উৎপাদনমূলক কর্মকাণ্ডে ব্যাপক প্রভাব ফেলবে। এমনকি বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে ইন্টারনেট ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়তে পারে।
এই প্রেক্ষাপটে তিনি যুদ্ধরত সব পক্ষের প্রতি অবিলম্বে সংঘাত বন্ধ করে, যেকোনো সমস্যা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
পোস্টের শেষে তিনি বলেন, এই যুদ্ধের আগুন বিশ্বজুড়ে শত শত কোটি মানুষের দুঃখ-দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বিশ্ববাসীর কষ্ট লাঘবে যুদ্ধ বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

