জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরেছে: মির্জা ফখরুল

২৬ মার্চ ২০২৬, ১২:৩০:৫৮

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মির্জা ফখরুল উল্লেখ করেন, দীর্ঘ ১৫–১৬ বছর ধরে ফ্যাসিস্টদের শাসনে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং স্বাধীনতা বিপন্ন হয়েছিল। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম চালিয়ে যায়।

তিনি বলেন, প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০ হাজার নেতাকর্মীর শহীদ হওয়া এবং ১৭০০ নেতাকর্মীর গুমের মধ্যেও জনগণ লড়াই চালিয়ে গেছে। জুলাই অভ্যুত্থান ও ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আবার নতুন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হয়েছে।

মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসিত থেকে দীর্ঘ ১৫ বছর নেতৃত্ব দিয়েছেন এবং এখন দেশের উন্নয়নের কাজে নতুন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মওকুফ এবং ধর্মীয় নেতা ও ব্যক্তিদের ভাতা প্রদানসহ নতুন সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, আমরা তারেক রহমানের প্রতি দেশের মানুষ আশাবাদী, আস্থাশীল। তার নেতৃত্বে অবশ্যই বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ হবে—এই বিশ্বাস আমাদের সবার আছে।

মির্জা ফখরুল বলেন, আজকে স্মরণ করতে চাই- বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী খালেদা জিয়াকে। যিনি সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার জীবনের শেষদিন পর্যন্ত এদেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।