অসাংবিধানিকভাবে শপথ নিয়েছে বিরোধী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ মার্চ ২০২৬, ৫:৩১:৩৪

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অসাংবিধানিকভাবে শপথ নিয়েছে বিরোধী দল জামায়াত-এনসিপির সংসদ সদস্যরা। রোববার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদ কার্যকরভাবে বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ। গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে।

অধিবেশনে অংশ নেয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, এখানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই। জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো ‘সংস্কার পরিষদের’ অধিবেশন আহ্বান করেননি। আমরা এখন সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছি।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী বর্তমানে এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই। যদি গণভোটের রায়ের ভিত্তিতে এ ধরনের পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে। সংসদে আলোচনা শেষে সংবিধান সংশোধন হলে তবেই সেটি সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং পরে প্রয়োজন হলে পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি আসতে পারে।

স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকার দলের প্রাথমিক সদস্যপদ এখনো বহাল রয়েছে। তারা দল ত্যাগ করেননি। তাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখানে প্রযোজ্য নয়। এই অনুচ্ছেদ তখনই প্রযোজ্য হবে, যখন কেউ দল ত্যাগ করবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।