মধ্যপ্রাচ্যে বিশেষজ্ঞ দল পাঠাবে ইউক্রেন: জেলেনস্কি

৯ মার্চ ২০২৬, ১২:৪৪:২১

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেসামরিক নাগরিক ও সেখানে মোতায়েন মার্কিন সেনাদের সহায়তায় বিশেষজ্ঞ পাঠানোর পরিকল্পনা করছে ইউক্রেন। এমনটি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আল জাজিরার

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জেলেনস্কি জানান, মধ্যপ্রাচ্যে বেসামরিক নাগরিকদের সহায়তা এবং কয়েকটি দেশে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা জোরদারের বিষয়ে কিছু বার্তা পেয়েছে ইউক্রেন। তবে তিনি এসব বার্তার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

তিনি লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে বেসামরিক মানুষকে কীভাবে সহায়তা করা যায় এবং নির্দিষ্ট কিছু দেশে মোতায়েন মার্কিন সেনাদের কীভাবে সহায়তা করা যায়- এ বিষয়ে আমরা কিছু বার্তা পেয়েছি। আমরা জবাবে জানিয়েছি, আমরা বিশেষজ্ঞ পাঠাব এবং তাদের সুরক্ষায় প্রয়োজনীয় সবকিছুই সরবরাহ করব।’

এর আগে জেলেনস্কি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের অংশীদাররা ইরানি অস্ত্র মোকাবিলার বিষয়ে ইউক্রেনের কাছ থেকে পরামর্শ চেয়েছে। আরেকটি পোস্টে তিনি আশা প্রকাশ করেন যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হবে না। একই সঙ্গে সতর্ক করে বলেন, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, তবে তা অবশ্যই ইউক্রেনের পরিস্থিতির ওপর প্রভাব ফেলবে।

বিশেষ করে রাশিয়ার আত্মঘাতী ড্রোন মোকাবেলায় ড্রোন প্রযুক্তিতে মনোযোগ দেয় ইউক্রেন। এর ফলে বেশ সাফল্যও পেয়েছে দেশটি। ইরানের শাহেদের থেকেও কম মূল্যের ড্রোন দিয়ে কিয়েভ ব্যাপকভাবে রুশ বাহিনীকে ঠেকিয়ে রেখেছে। তাই, ইরানকে মোকাবেলায় মিত্র ইউক্রেনের সেই প্রযুক্তিকে কাজে লাগাতে চাইছে যুক্তরাষ্ট্র।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।