সৌদিতে কূটনৈতিক এলাকায় হামলার চেষ্টা, কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা

৮ মার্চ ২০২৬, ১০:০৬:৫০

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলার অভিযোগ উঠেছে। বিমানবন্দরের জ্বালানি ট্যাংক লক্ষ্য করে এই হামলা চালানো হয়। একই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকাকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে।

এই ঘটনায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমন অবস্থায় ইরানি হামলা ঠেকাতে উপসাগরীয় দেশগুলোকে সহায়তা দিতে চাওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। খবর দ্য টেলিগ্রাফ

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (৮ মার্চ) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোতে ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতি সামরিক বাহিনীর এক্সে দেয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে সরাসরি ড্রোনের মাধ্যমে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোতে হামলা চালানো হয়েছে।’

তিনি আরও জানান, দেশটির বাহিনী ‘শত্রুতামূলক ড্রোনের ধেয়ে আসা ঢেউয়ের’ বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে।

এদিকে সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকাকে লক্ষ্য করে আসা একটি ড্রোন ধ্বংস করে দিয়েছে তাদের প্রতিরক্ষা বাহিনী। এক্সে দেয়া এক পোস্টে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই হামলার ফলে কোনও ক্ষয়ক্ষতি বা বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে উপসাগরীয় দেশগুলোকে সুরক্ষা দিতে সহায়তা করতে পারে অস্ট্রেলিয়া। রোববার এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের হামলার শিকার হওয়া কয়েকটি দেশ ‘সহায়তা চেয়েছে’।

সাক্ষাৎকারে প্রতিবেদক জানতে চান, এই সহায়তা কি ইরানি হামলা থেকে সুরক্ষার ক্ষেত্রেই দেয়া হবে কিনা। জবাবে পেনি ওং বলেন, ‘ঠিক তাই’।

তিনি আরও বলেন, ‘আমরা আগেই যে অবস্থান জানিয়েছি তার আলোকে বিষয়টি নিয়ে কাজ করব। আমরা ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক কোনও সামরিক অভিযানে অংশ নিচ্ছি না এবং ইরানে স্থলবাহিনী পাঠানোর কোনও পরিকল্পনাও নেই।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।