ব্যারাক ছেড়ে ‘পালিয়েছেন’ ইরানি কমান্ডাররা, বিপজ্জনক পরিস্থিতিতে সেনারা
এবার ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা। খামেনি নিহত হওয়ার পর থেকে ইরানের সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি-বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইরানের সেনা সদস্যদের সঙ্গে কথা বলে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। ইরানের বেশ কয়েকজন সেনা সদস্য জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর কিছু কর্মকর্তা তাদের ব্যারাক ত্যাগ করেছেন। তারা তাদের অধীনে থাকা সেনাদের পাহারার দায়িত্বে রেখে চলে গেছেন।
সেনারা ইরান ইন্টারন্যাশনালকে বলেন, খামেনি নিহত হওয়ার পর থেকে সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি শুরু হয়েছে। ইরানের লোরেস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে থাকা কয়েকজন সেনা বলেন, তারা কমান্ড নিয়ে অনিশ্চিত এবং শোচনীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে।
ইরানি এক সেনা বলেন, অনেক কমান্ডার ভয়ে, হামলার আতঙ্কে এবং তারা ব্যারাক ত্যাগ করেছেন। কোনো ধরনের সহযোগিতা ছাড়াই তারা সেনা সদস্যদের ফেলে চলে গেছেন। এ ছাড়া ইরানি কিছু সেনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ভয়ে ঘাঁটির বাইরে রাত কাটাচ্ছেন। ওই সেনা আরো বলেন, ইরানি নেতৃত্ব তাদের নিয়মিত সেনাদের প্রয়োজনীয় সহযোগিতায় মনোযোগ দিচ্ছে না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পুরোপুরি আত্মসমর্থন না করা পর্যন্ত যুদ্ধ চলবে। সর্বশেষ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের ওপর আজ রাতে ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
