যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান ও গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য তেহরানকে সরবরাহ করছে রাশিয়া। শুক্রবার (৬ মার্চ) বিষয়টি সম্পর্কে অবগত একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাসহ তিনটি সূত্র সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানি সরকার ও তাদের সামরিক সক্ষমতার ওপর হামলা অব্যাহত রেখেছে, তখন রাশিয়া প্রথমবারের মতো ইরানকে এ ধরনের গোয়েন্দা সহায়তা দিচ্ছে বলে জানা গেছে। এর আগে ওয়াশিংটন পোস্ট এ সহায়তার বিষয়টি প্রথম প্রকাশ করে।
শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া সরকার ইরানের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে রয়েছে। সেদিনের ব্রিফিংয়ে ইরান প্রসঙ্গে এটিই ছিল তার একমাত্র মন্তব্য।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেন, রাশিয়া ও চীন ইরানকে রাজনৈতিকভাবে এবং অন্যান্য উপায়েও সহায়তা করছে। তবে গোয়েন্দা তথ্য সহায়তার বিষয়ে প্রশ্নের জবাবে পেসকভ কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে- এমন সহায়তার তথ্য প্রকাশের বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল সিবিএস নিউজ।
অন্যদিকে ট্রাম্প প্রশাসন যে সামরিক অভিযানকে “অপারেশন এপিক ফিউরি” নামে অভিহিত করছে, সেই অভিযানের মধ্যে এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। কুয়েতে একটি ট্যাকটিক্যাল অপারেশন সেন্টারে কাজ করার সময় ইরানের হামলায় তারা নিহত হন। নিহত ছয়জনই আইওয়া অঙ্গরাজ্যের ডেস ময়েনস শহরভিত্তিক যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি রিজার্ভ ইউনিটের সদস্য ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
