চন্দ্রগ্রহণের সময় অনুশীলন ‘অশুভ’, পিছিয়ে দেয়া হলো ভারতের অনুশীলন

৩ মার্চ ২০২৬, ১১:৪৪:০৬

ভারতের মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার (৩ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড মহারণ। ভারত ও ইংল্যান্ডের এই হাইভোল্টেজ লড়াইকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। তবে মঙ্গলবার চন্দ্রগ্রহণের কারণে অনুশীলন সূচিতে পরিবর্তন আনা হয়। সন্ধ্যা ৬টায় অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও তা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, খেলোয়াড়দের অনেকেই মনে করেন গ্রহণ চলাকালীন সময় অনুশীলন করা অশুভ। গ্রহণের নির্দিষ্ট সময়, অর্থাৎ সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটের পরেই অনুশীলন শুরু হয়।

বিশ্বকাপ চলাকালীন ভারতীয় দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নানা ধর্মীয় আচার পালন করতেও দেখা গেছে। অধিনায়ক সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা এবং কোচ গৌতম গম্ভীরসহ কয়েকজন ক্রিকেটার বিভিন্ন শহরে মন্দির দর্শন করেছেন। যদিও চন্দ্রগ্রহণকে অশুভ মনে করার পেছনে বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। তথ্য এনডিটিভির।

এবারের সেমিফাইনাল বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ টানা তৃতীয় সংস্করণে শেষ চারে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। ২০২২ সালে ইংল্যান্ড সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে গিয়ে পাকিস্তানকে পরাজিত করে শিরোপা জিতেছিল। অন্যদিকে ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে ভারত সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত দুই আসরেই ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের বিজয়ী দলই শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে। ফলে এবারের লড়াই ঘিরে বাড়তি গুরুত্ব তৈরি হয়েছে।

পরিসংখ্যান বলছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ড এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যার মধ্যে তিনটিতে জয় এবং তিনটিতে পরাজয় পেয়েছে। অন্যদিকে ভারত সাতটি টি-টোয়েন্টি খেলেছে এই ভেন্যুতে, জয় পেয়েছে পাঁচটিতে। ২০১৭ সালের ডিসেম্বরের পর থেকে এই মাঠে আর কোনও টি-টোয়েন্টি ম্যাচে হারেনি ভারত।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।