ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মারা যাননি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। তিনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা এ তথ্য জানিয়ে বলেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন। ইরানজুড়ে সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রবিবার তিনি এ তথ্য নিশ্চিত করেন। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।
ওই উপদেষ্টা জানান, তিনি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি সম্পূর্ণ ভালো আছেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, আমি তার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি একদম সুস্থ আছেন। ওই উপদেষ্টা আরও জানান, শনিবার তার নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়েছে। এতে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। তারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। তবে আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি ওই ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি পুরোপুরি অক্ষত রয়েছে।
এর আগে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। শনিবার তেহরানের নারমাক এলাকায় আহমেদিনেজাদের বাড়িতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ক্ষমতা ছাড়ার পর থেকে যেখানে বসবাস করছিলেন তিনি। হামলায় আহমাদিনেজাদের নিরাপত্তা দলের সদস্য ছিলেন এমন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তিন সদস্যও নিহত হয়েছেন।
৬৯ বছর বয়সী আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন, এসময় পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। তবে তিনি সাম্প্রতিক বছরগুলোতে কট্টর রক্ষণশীল পটভূমি থাকা সত্ত্বেও ইরানের বর্তমান নেতৃত্বের সমালোচক ও বিরোধী কণ্ঠে পরিণত হয়েছেন। ইরান সরকার তাৎক্ষণিকভাবে আহমাদিনেজাদের মৃত্যুর বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
