ইরানে জিমে বোমা হামলায় ২০ নারী ভলিবল খেলোয়াড়ের মৃত্যু

১ মার্চ ২০২৬, ১১:২৪:১০

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। শুধু চলমান খেলাই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খেলোয়াড়রা আটকা পড়েছেন; ভবিষ্যতের বৈশ্বিক ক্রীড়া সূচিও এখন অনিশ্চয়তার মুখে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এরই মধ্যে বোমা হামলায় ২০ নারী ভলিবল খেলোয়াড় নিহত হওয়ার খবর সামনে এসেছে।

মৃত্যু যেখানে সংখ্যায় পরিণত হয়, সেখানে খেলা যেন গৌণ হয়ে যায়। ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এখন অস্থিরতায় জর্জরিত। পুড়ছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হচ্ছে অফিস-আদালত।

ইরানের দক্ষিণাঞ্চলের একটি জিমে হামলায় ২০ জন নারী ভলিবল খেলোয়াড় নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি টেলিভিশন চ্যানেল আল মায়াদিন। তবে নিহতরা কোন দল বা লিগের হয়ে খেলতেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

ইরানে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে সেই যুক্তরাষ্ট্রেই ফুটবল বিশ্বকাপে খেলতে যাওয়ার কথা ইরানের। তাই বিশ্বকাপ আয়োজন ঘিরে নজর রাখছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্র্যাফস্ট্রম শনিবার কার্ডিফে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সাধারণ সভা শেষে বলেন, তারাও সংবাদটি জেনেছেন এবং তাদের লক্ষ্য নিরাপদ বিশ্বকাপ আয়োজন করা, যেখানে সব দল অংশ নিতে পারবে যেমনটি ওয়াশিংটনে ড্র অনুষ্ঠানে হয়েছিল।

তবে পরিস্থিতি যে সহজ নয়, তার প্রমাণ ইরানি সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা।

বিশ্বকাপ শুরু হতে আর প্রায় একশ দিন বাকি। এরই মধ্যে যুদ্ধের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। সংযুক্ত আরব আমিরাত ও কাতারে অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের সোম ও মঙ্গলবারের ম্যাচ স্থগিত করা হয়েছে।

আবুধাবিতে চলমান পাকিস্তান শাহীন্স ও ইংল্যান্ড লায়ন্সের সিরিজের দ্বিতীয় ওয়ানডে রোববার মাঠে গড়ায়নি। একই সঙ্গে দেশটিতে নারী দলের ক্যাম্প পিছিয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ১৩ মার্চ থেকে আরব আমিরাতে শুরু হওয়ার কথা থাকা আফগানিস্তান-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজও এখন অনিশ্চয়তার মুখে।

বাংলাদেশের মুশফিকুর রহিম-এর মতো অনেক খেলোয়াড় দুবাই, দোহা ও আবুধাবির বিমানবন্দরে আটকা পড়েছেন। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ দুবাইয়ে অবস্থান করছেন। কাতারের দোহায় আটকে আছেন হোলগার রুন।

সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে ফর্মুলা ওয়ানেও। ৮ মার্চ অস্ট্রেলিয়ায় মৌসুম শুরুর কথা রয়েছে। তবে প্রায় দুই হাজার সদস্যের দল ও আয়োজকদের বেশিরভাগের ট্রানজিট ছিল দুবাই বা দোহা হয়ে। বিমানবন্দর দুটির কার্যক্রম ব্যাহত হওয়ায় এখন ফ্লাইট পরিবর্তনের প্রয়োজন হতে পারে। পাশাপাশি এপ্রিলের বাহরাইন ও সৌদি আরব গ্রাঁ প্রি নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।