গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিলো ইরান

১ মার্চ ২০২৬, ২:০৬:৩০

এবার ইরানে মার্কিন-ইসরাইল হামলা ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার জেরে তেল পরিবহনের অত্যন্ত গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে তেহরান।  শনিবার ইরানের রাজধানী তেহরানসহ দেশটির অধিকাংশ অঞ্চলে হামলা চালায় আমেরিকা ও ইসরাইল। এর জেরেই এমন সিদ্ধান্ত ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের।  

ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না। হরমুজ প্রণালি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের জন্য তেল রপ্তানির পথ। এ পথ দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তেল পাঠায় সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত। এ সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। 

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, ইরান সরকার আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা না দিলেও শনিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এ বিষয়ে নির্দেশনা জারি করেছে।  এক ঘোষণায় বিপ্লবী গার্ড বলেছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না। নির্দেশনা অমান্য করলে ফলাফল ভোগ করতে হবে।

ভারতের ইকুইরাস সিকিউরিটিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান যদি প্রতিশোধ হিসেবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ বন্ধ করে দেয়, তাহলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ থেকে ১১০ ডলারে উঠে যেতে পারে।  

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।