ব্যাংকের টাকা দেশের জনগণের, বিএনপির না: ফয়জুল করীম
‘বাংলাদেশ ব্যাংক-এ একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে বসানো হয়েছে, যার ব্যাংকিং খাতে অভিজ্ঞতা নেই। এতে ব্যাংকিং খাত ঝুঁকির মধ্যে পড়তে পারে’ বলে মন্তব্য করেছেন মুফতি সৈয়দ ফয়জুল করীম। ব্যাংকের টাকা এ দেশের জনগণের, বিএনপির না বলেন মন্তব্য করেন তিনি।
গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশালে আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা কলেন তিনি। বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল মহানগর শাখার সভাপতি মো. লোকমান হাকিম।
মুফতি ফয়জুল করীম বলেন, ‘আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু তা হয়নি। দেশে একটি সাজানো এবং ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে। পরিকল্পিতভাবে সারা দেশে হাতপাখার প্রার্থীদের ভোটে হারানো হয়েছে।’ তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে।
তিনি বলেন, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। নরসিংদীতে কিশোরী হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার উল্লেখ করে তিনি অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
