জামায়াতে ইসলামীর মতো একটা পাত্রী লাগবে: আম্মার

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৩:৩৩

রাকসু জিএস সালাহ উদ্দীন আম্মার প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, তার নাকি জামায়াতে ইসলামীর মতো একটি ‘পাত্রী’ দরকার—যার ওপর কোনো চাপ থাকবে না, আর তিনি সারাদিন বাইরে থাকলেও কোনো জবাবদিহি করতে হবে না। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

আম্মার মন্তব্য করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাকি দেশের ইতিহাসে “সবচেয়ে কিউট বিরোধী দল”। তিনি রসিকতার সুরে বলেন, এমন ‘বউ’ চাই—দিনে যা ইচ্ছা করা যাবে, রাতে ফুল নিয়ে গিয়ে একটু হাসলেই সব মাফ। সকালে আবার আগের মতোই চলবে, আর স্ত্রী চুপ করে থাকবে; কথা বললেই ডিভোর্সের ভয় দেখানো হবে।

তিনি আরও বলেন, দেশের রাজনীতিও যেন এখন “কিউট মডেলে” চলছে। তার ভাষ্য অনুযায়ী, ক্ষমতাসীন দল হরতাল ডাকলেও বিরোধী দল নতুন বউয়ের মতো আচরণ করছে—যেন স্বামীর সঙ্গে বেয়াদবি করতে চায় না।

আক্ষেপ করে তিনি বলেন, কী আজব এক দেশে জন্ম নিলাম! এখানে ভূমিকা উল্টে যায়, দায়িত্ব উল্টে যায়, কিন্তু নাটক বন্ধ হয় না।

শেষে উপহাস করে তিনি বলেন, যাইহোক এগুলো কেন বলতেছি জানেন? জামায়াতে ইসলামীর মতো আমার একটা পাত্রী লাগবে। আমি এমন পাত্রীর সন্ধানে আছি। সারাদিন বাইরে বাইরে থাকমু, বিরোধী দলের কোনো চাপ থাকবে না। সন্ধানে থাকলে জানাবেন প্লিজ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।