ইস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
ইস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী ভাষা আন্দোলনের গুরুত্ব ও বাংলা ভাষার ঐতিহ্য তুলে ধরেন। তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক বিকাশের অন্যতম ভিত্তি। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. মাহফুজুর রহমান, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. আব্দুল্লাহ আল হুমায়ুন এবং ইংরেজি বিভাগের প্রধান মো. রফিউসসান।
বক্তারা মাতৃভাষা দিবসের তাৎপর্য, বাংলা ভাষার ঐতিহাসিক গুরুত্ব এবং ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আইন বিভাগের প্রভাষক মো. ওমর ফারুক।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে স্বাগত বক্তব্য দেন ফার্মেসি বিভাগের প্রধান ড. আবু বিন ইহ্সান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্ট বিভাগের উপপরিচালক কে. এম. মনিরুল ইসলাম।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
