জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১:১১:৪৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন। শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নীলা ইসরাফিল এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন রোবাইয়াত ফাতিমা তনি। এ সময় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিটি পাঠ করে শোনান তনি।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময় এমন বক্তব্য দিয়েছেন, যেখানে বলা হয়েছে—কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান হতে পারবেন না। সংগঠনের দাবি, এটি জামায়াতের ঘোষিত নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

সংবাদ সম্মেলনে তনি বলেন, এ ধরনের অবস্থান বাংলাদেশের সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। তিনি উল্লেখ করেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গসমতার বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সেই দলের নিবন্ধন বাতিলযোগ্য।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়ার মতো অবস্থান একটি চরম অসাংবিধানিক আদর্শের বহিঃপ্রকাশ। “নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপসের বিষয় হতে পারে না,” বলেন তিনি।

চিঠিতে সংগঠনটি জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার দাবি জানানো হয়।

একইসঙ্গে নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।