দোয়া নয়-আবারো টাকা চাইছেন ফুয়াদ, জানা গেল কারণ
বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ইফতার আয়োজনের জন্য আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন আমার পার্টি, এবি পার্টি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় তিনি রমজান মুবারাকের শুভেচ্ছা জানিয়ে বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের আয়োজন নির্বিঘ্ন করতে সবার দোয়া ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। তার নির্বাচনি এলাকা বরিশাল–৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ৬০০টিরও বেশি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় প্রতি বছর রমজানে ইফতারের ব্যবস্থা করা হয়।
ফুয়াদ উল্লেখ করেন, সন্ধ্যা, সুগন্ধা, আড়িয়াল খাঁ, জয়ন্তী ও আমতলী নদীবেষ্টিত প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে এই প্রতিষ্ঠানের ইফতারের খরচ জোগানো সময়ের সঙ্গে সঙ্গে কঠিন হয়ে পড়ে। তাই সমাজের সক্ষম ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনের চলমান প্রক্রিয়ায় শহীদদের ত্যাগের চেতনা ধারণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ ওসমান হাদির আদর্শ স্মরণ করে সামাজিক দায়বদ্ধতা ও সহযোগিতার সংস্কৃতি জোরদারের আহ্বান জানান ফুয়াদ।
এছাড়া ইনসাফ ও আজাদীর লড়াই অব্যাহত রাখতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকার কথাও তুলে ধরা হয়। এ লক্ষ্যে ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পবিত্র রমজান মাসে জনতার অর্থে জনগণের সেবামূলক কাজে যুক্ত হতে ইচ্ছুক ব্যক্তিদের এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
