এবার এক কুমিল্লা থেকেই তিন মন্ত্রী

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০:৩০

মনোনয়ন বঞ্চিত হয়ে সংসদ নির্বাচনে পাননি বিএনপির আকাঙ্ক্ষিত প্রতীক ধানের শীষ, পরে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেও বিএনপি চেয়ারম্যানের নির্দেশে নিজেকে সরিয়ে নেন নির্বাচন থেকে। হতাশ না হয়ে বরং দলের চেয়ারম্যানের দেওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণের সমন্বয়ক এর দায়িত্ব পালন করেন তিনি। দলের কোন্দল নিরসন এবং নির্বাচনি প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিণের ৬টি আসনে। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। যিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। অবশেষে তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন দলের মন্ত্রীসভায়। শুধু তাই নয়, বরং কৃষি, মৎস ও প্রাণিজ সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন তিনি।

শুধু হাজী ইয়াছিনই নন, কুমিল্লা থেকে মন্ত্রীত্ব পেয়েছেন বিএনপির আরও দুই নেতা। এর মধ্যে কুমিল্লা-৮ বরুড়া আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ধর্ম মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জাকারিয়া তাহের সুমন এ নিয়ে দুই এবং শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ৬ বারের এমপি নির্বাচিত হলে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন এবারই প্রথম।

এদিকে কুমিল্লা জেলা থেকে তিন মন্ত্রী পাওয়ায় খুশি সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে এনিয়ে অভিবাদন ও শুভেচ্ছা পোস্ট ছড়িয়ে দিচ্ছেন তারা।

কুমিল্লা জেলায় তিনজন মন্ত্রী পাওয়ায় প্রধানমন্ত্রী ও দলের প্রধান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, আমরা নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকল মন্ত্রীদের প্রতি শুভেচ্ছা ও অভিবাদন জানাই। দীর্ঘদিন পর বিএনপি থেকে কুমিল্লা ৩ জন মন্ত্রী পেয়েছে, এতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ কুমিল্লাবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা তাদের মাধ্যমে বাস্তবায়ন হতে দেখবো। জেলায় তিনজন মন্ত্রিত্ব আমাদের সাংগঠনিক শক্তিকে আরও শক্তিশালী করবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।