আজ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪:২৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় তাদের নিজ নিজ বাসভবনে গিয়ে সরাসরি সাক্ষাৎ করার কথা রয়েছে তারেক রহমানের।

বিএনপির মিডিয়া উইং সূত্র জানায়, সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাবেন তিনি। এরপর রাত ৮টার দিকে বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছে দলটির মিডিয়া উইং। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে’ এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি। জোটের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। তবে আরও দুটি আসনে জয়লাভের সম্ভাবনা আছে বিএনপির। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয়ী হয়েছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।