পিএসএলে বদলি ক্রিকেটার হিসেবে দল পেলেন মুজারাবানি
দিন কয়েক আগেই অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম। সেখানে দল পাননি ব্লেসিং মুজারাবানি। তবে এবার বদলি ক্রিকেটার হিসেবে তাকে দলে ভিড়িয়েছে তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।
ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার শামার জোসেফের বদলি হিসেবে তারা দলে নিচ্ছে ব্লেসিং মুজারাবানিকে। ক্যারবিয়ান এই পেসারের এই আসরে আর খেলা হচ্ছে না।
পিএসএল নিলাম থেকে জোসেফকে তার বেস প্রাইস ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপিতে কিনেছিল ইউনাইটেড। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তার জন্য বিড করেনি। তবে জানা গেছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই চুক্তি বাতিল হয়েছে। বদলি হিসেবে মুজারাবানিকেই পছন্দ ইউনাইটেডের।
জিম্বাবুয়ের এই পেসারের সঙ্গে সবরকমের চুক্তি পাকা হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিটির। তারা এখন পিএসএলের টেকনিক্যাল কমিটির অনুমোদনের অপেক্ষায়।
আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে পিএসএল। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে। এবারের আসরে যোগ দিচ্ছে দুটি নতুন দল শিনয়ালকোট স্ট্যালিয়ন্স ও হায়দরাবাদ হিউস্টন কিংসম্যান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
