নির্বাচনের পরই দুঃসংবাদ পেলেন বিএনপির ৩ নেতা
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে সহযোগিতা না করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সহায়তা করার অভিযোগে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির তিন নেতাকে দলের সব পদ-পদবিসহ আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থীর পক্ষে কোনো নির্বাচনী কার্যক্রম না করা এবং প্রতিদ্বন্দ্বী অন্য দলকে সহযোগিতা করার কারণে এই তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতাদের মধ্যে আছেন – গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. জামাল মোল্লা, এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদ বেপারী।
উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন বলেন, বহিষ্কারের নোটিশ ইতিমধ্যেই সংশ্লিষ্ট নেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
বিএনপি দলীয় একাধিক সূত্রে জানা গেছে, বিএনপির বহিষ্কৃত ওই তিন নেতা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছেন।
বহিষ্কৃত গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার জানিয়েছেন, এসংক্রান্ত কোনো কাগজ এখনো আমি হাতে পাইনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
