রাজশাহী বিভাগের ৩৯ আসনেই বিপুল ভোটে জিতবে বিএনপি: মিনু
এবার রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনের সবগুলোতেই বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে জিতবে বলে মনে করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টায় রাজশাহী পলিটেকনিক ইনিস্টিটিউট ভোটকেন্দ্রে নিজের ভোট দিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মিনু বলেন, জয়-পরাজয় আল্লাহর ইচ্ছায় ঘটবে। তবে আমরা বলতে পারি- রাজশাহী বিভাগের ৩৯টি আসনের সবগুলোতেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জিতবেন। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। মিনু আরও বলেন, তারেক রহমান শাসক নয়, হবেন জনগণের সেবক। তিনি সারা বিশ্বকে দেখিয়ে দেবেন, কীভাবে একটা দেশ দুঃসময় কাটিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তারেক রহমানও এ দেশের মানুষের কাছে সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।
রাজশাহীর সামগ্রিক ভোটের পরিবেশ শান্তিপূর্ণ দেখে সন্তোষ প্রকাশ করে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, ভোটের পরিবেশ আপাতত শান্তিপূর্ণ আছে। এ দেশে দিনের ভোট রাতে হয়, ভোট ছাড়াই সরকার হয়। এবার তা আর হবে না। জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবেন বলে আমি আশা করি। ভোটে জিতে আমরা সরকার গঠন করলে আমরা জনগণের জন্য কাজ করব। কর্মসংস্থান সৃষ্টি করে দেশকে এগিয়ে নেওয়া হবে।
এ সময় নগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
